
বুলিদের মোকাবিলায় নিজের ভিন্নধর্মী কৌশলের কথা জানিয়েছেন মেঘনা আলম। নিজেকে আড়ালে রাখা, অযথা ব্যাখ্যা দেওয়া কিংবা কারও কাছে অভিযোগ করার পরিবর্তে ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে হয়রানিকারীদের জবাব দেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মেঘনা আলম।
পোস্টে তিনি বলেন, যারা অন্যের কষ্টে খোঁচা দিয়ে এবং মানুষকে হয়রানি করে আনন্দ পায়, তারা মূলত নিজেদের মূল্যহীন জীবনে সাময়িকভাবে শক্তিশালী অনুভব করতে চায়। তবে নিজেরাই একই ধরনের আচরণের শিকার হলে তাদের সেই শক্তির মুখোশ খুলে যায়। তখন তারা নিজেদের দুর্বল মনে করে এবং চুপসে যায়।
মেঘনা আলম আরও বলেন, তাঁকে নিয়ে যারা অপবাদ ও গুজব ছড়িয়ে আসছিল, তাদের উদ্দেশে তিনি মাঝেমধ্যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তাঁর ভাষায়, তাঁকে নিয়ে ছড়ানো গুজব যেমন ভাইরাল হয়, তেমনি তাঁর মজার মন্তব্যগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টের রিচ কমে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের সংকটময় সময়ে স্বৈরাচারী গোষ্ঠীর সাইবার টিম তাঁর আইডির রিচ কমিয়ে দিয়েছে। এ পরিস্থিতিতে তাঁর রাজনৈতিক বক্তব্য এবং ভারতীয় আধিপত্যবাদ নিয়ে করা যুক্তিনির্ভর সমালোচনাগুলোও ভাইরাল করার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে নির্যাতনের অভিযোগ নিয়ে যে বয়ান তৈরি হচ্ছে, তা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মেঘনা আলম। তাঁর দাবি, এটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিচালিত একটি রাজনৈতিক প্রচারণা। ভারতীয় গণমাধ্যমে একজন পলিটিক্যাল এডুকেটর হিসেবে তিনি বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে নিজের বক্তব্যের ভিডিও লিংক মন্তব্যের ঘরে দেওয়ার কথা জানিয়ে তিনি অনুসারীদের ভিডিওটি ডাউনলোড করে নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে মেঘনা আলম বলেন, ব্যক্তিগত অপপ্রচারের চেয়ে সত্য, যুক্তি ও দেশের স্বার্থে প্রয়োজনীয় বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বেশি জরুরি। তাই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার পরিবর্তে দেশের স্বার্থসংশ্লিষ্ট বক্তব্যগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

