অনুরাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএসসিসি প্রশাসক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৩:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তারের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে দেশ ও সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিল্প-সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চা নানা সংকটের মুখোমুখি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তরুণ সমাজের ওপর। সংস্কৃতিমনস্ক পরিবেশ থেকে দূরে সরে যাওয়ায় অনেক তরুণ বিপথে যাচ্ছে। এমন বাস্তবতায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করা সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকসহ নানা সামাজিক সমস্যা মোকাবিলা করা সহজ হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির অতীত গৌরবের প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, একসময় দেশের সাংস্কৃতিক অঙ্গন ছিল অত্যন্ত সমৃদ্ধ। সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনতে প্রয়োজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ। তরুণদের দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা আরও শক্তিশালী হলে দেশও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রুবিনা আলমগীর। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মতিহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতায় অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে কেক কেটে সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। একই অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন বিশিষ্ট ব্যক্তির হাতে "অনুরাগ R স্টার সম্মাননা স্মারক" তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে উদীয়মান ও প্রতিষ্ঠিত শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
