সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত তারকারা যা বলছেন
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

এবং আরো এক জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার সকালে এই লড়াকু বিজয় ছিনিয়ে নিয়েছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।
আর্জেন্টিনার জয়ে বরাবরের মতোই উচ্ছ্বাসে ভাসছেন তারকারা। প্রিয় দলকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ফেসবুকে লিখেছেন, ‘পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমি-ফাইনালিস্ট!’
আমেরিকা গিয়ে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনেতা এফ এস নাঈম দম্পতি। সে সময়ের ছবি পোস্ট করে নাদিয়া উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামকে ধন্যবাদ, এই মাঠেই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা, আর এখন কোয়ার্টার ফাইনাল জিতল।’
আর্জেন্টিনার সরব ভক্ত অভিনেতা ইরফান সাজ্জাদ। জয়ের আনন্দ করছেনই। তবে আজকের ম্যাচে তিনি সন্তুষ্ট নন। বিশেষ করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির ওপর বিরক্ত তিনি। কারণ বেঞ্চে মেধাবী খেলোয়াড় বসিয়ে রেখে ম্যাচ ঝুঁকিতে ফেলেছেন কোচ। ইরফান লেখেন, ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলেত্তির (ব্রাজিলের কোচ) মতো ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।’
তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার ভক্ত। প্রতি ম্যাচেই প্রিয় দলের জন্য বার্তা দেন। আজকের জয়ের পর আর্জেন্টিনার জার্সি পরিহিত ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আজকে আমি অনেক খুশি।’
