সংগীতের সুর ছড়িয়ে বিশ্বমঞ্চে ‘মুসাফির সুফিয়ানা’
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:৪১ | অনলাইন সংস্করণ
মনিরুজ্জামান অপূর্ব :

কক্সবাজারের সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস থেকে সুরের নেশা নিয়ে ঢাকা এসেছিলেন পারভেজ খান। ছোটবেলা থেকেই বুকের ভেতর লালন করতেন সুফি ও কাওয়ালি গানের প্রতি অগাধ ভালোবাসা। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অদম্য ইচ্ছে নিয়ে বন্ধুর সাথে শুরু করেছিলেন পথচলা। আজ সেই স্বপ্ন আর শুধু সীমানার মাঝে সীমাবদ্ধ নেই; কক্সবাজারের ছেলে পারভেজ খান ও তার দল ‘মুসাফির সুফিয়ানা’ এখন প্রস্তুত আন্তর্জাতিক মঞ্চ কাঁপাতে।
সুফি ও কাওয়ালি গানের সুরকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত এই ব্যান্ডে পারভেজ খান ভোকালিস্ট হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। ১৫ জনের সমন্বয়ে গঠিত এই সুসংগঠিত দলটিতে দক্ষতার সাথে কাজ করছেন নোমান ও সজীব (বেজ), অন্তর (কিবোর্ড), পিকে ও রাব্বি (ঢোলক), মেহেদী ও সাঈদ (হারমোনিয়াম ও ভায়োলিন), শরীফ, জাহিদ, সোহাগ (বোকালী) এবং সাদা (পারকাশন)।
কঠিন সংগ্রামের পথ পাড়ি দিয়ে তারা যখন দেশের সংগীত অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছিলেন, ঠিক তখনই এল বড় স্বীকৃতি। ‘মাসকাট স্কাই ইভেন্ট’-এর আমন্ত্রণে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছে এই দলটি। ওমানের মাসকাটে আয়োজিত হতে যাওয়া এই কাওয়ালি প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে পূরণ হতে চলেছে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন।এই সফল যাত্রার নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছেন ‘মাসকাট স্কাই ইভেন্ট’-এর কর্ণধার সাইফুল্লাহ আহমেদ সাইফ। তার সহযোগিতায় ওমানের মঞ্চে সুফি গানের মূর্ছনায় বাংলাদেশ ও বিদেশের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে পুরো টিম।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পারভেজ খান বলেন, “কক্সবাজার থেকে ঢাকা, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমরা এখানে। সুফি গান ও কাওয়ালিকে বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। মাসকাট স্কাই ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাওয়া আমাদের দলের জন্য বিশাল প্রাপ্তি। আমরা আমাদের এই স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই।”
কক্সবাজারের ছেলে পারভেজ খানের এই অদম্য যাত্রা প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে ছোট শহর থেকেও বিশ্বমঞ্চ জয় করা সম্ভব। ‘মুসাফির সুফিয়ানা’র এই সংগীতযাত্রা দেশের সংগীতাঙ্গনে নতুন আশা জাগাচ্ছে।
