শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ছোটপর্দার পরিচিত মুখ নওবা তাহিয়া হোসাইন মিডিয়া জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ চার বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে তিনি এখন নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে নওবা তার এই সিদ্ধান্তের কথা ভক্তদের জানান। তিনি উল্লেখ করেন, মিডিয়াতে কাটানো এই চার বছর তার জন্য ছিল একটি চমৎকার অভিজ্ঞতা, যার জন্য তিনি সর্বদা কৃতজ্ঞ থাকবেন।
নওবা তার স্ট্যাটাসে জানিয়েছেন, বর্তমানে তিনি নিজের ধর্ম (দ্বীন), পড়াশোনা এবং ব্যক্তিগত উন্নয়নের দিকে বেশি মনোযোগ দিতে চাচ্ছেন।
তিনি বলেন, বর্তমানে আমি আমার দ্বীন, নিজের ভেতরকার শান্তি এবং শিক্ষার মাঝে প্রশান্তি খুঁজে পেয়েছি। আমার কাছের মানুষদের সাথে সময় কাটিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির ওপর ফোকাস করার জন্য এই সিদ্ধান্তটিই আমার কাছে সঠিক মনে হয়েছে।
নওবা তাহিয়া জানান, ভবিষ্যতে তাকে আর নতুন কোনো নাটক, বিজ্ঞাপন বা ওটিটি প্ল্যাটফর্মের কাজে দেখা যাবে না। তবে আগে করা কিছু কাজ যা এখনো মুক্তি পায়নি, সেগুলো সামনে আসতে পারে। যদিও সেগুলোর প্রচারের সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না।
সবশেষে চার বছরের এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য এবং নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ভক্তদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।
আমার বার্তা /জেএইচ
