শিল্পকলা পদক পাচ্ছেন ২০ সাংস্কৃতিক ব্যক্তিত্ব-প্রতিষ্ঠান

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ২০:০৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

২০২১ ও ২০২২ সালের জন্য ১৯ গুণীজন ও একটি প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে।

২০২১-২২ অর্থবছরের শিল্পকলা পদক ঘোষণা করা হয়েছে। ২০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান শিল্পকলা শিল্পকলা পদক পেয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) এ পদক ঘোষণা করা হয়।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য তারা এই পদক পাচ্ছেন।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, রাষ্ট্রপতির সদয় অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

২০২১ সালে শিল্পকলা পদক পেয়েছেন-যন্ত্রসংগীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীত- জনাব সাদি মহম্মদ, চারুকলা- শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পে এম. এ. মজিদ। এই অর্থবছরে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে শিল্পকলা পদক পাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

২০২২ সালে যারা শিল্পকলা পদক পেয়েছেন-যন্ত্রসংগীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকত রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ড. সফিউদ্দিন আহমদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান শুরু করে। ‘শিল্পকলা পদক’ নীতিমালা অনুযায়ী, মাঠপর্যায় থেকে প্রাপ্ত গুণীজনের তালিকা ও আবেদন চূড়ান্তভাবে মনোনয়ন করে শিল্পকলা একাডেমির মূল্যায়ন কমিটি। নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য মনোনীত ব্যক্তি ও  প্রতিষ্ঠানকে শিল্পকলা একাডেমির নাম এবং মনোগ্রামসম্বলিত স্বর্ণপদক, সনদপত্র এবং ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

 

আমার বার্তা/এমই