কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার পছন্দ: রুনা খান
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:০৫ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

নারীর পোশাকে স্বাধীনতায় হস্তক্ষেপ করা অনেকেই সহজাত অধিকার বলে মনে করেন। এই রোগে আক্রান্ত নেটিজেনদের বড় একটি অংশ। ফলে কোনো নারীর পোশাক মনমতো না হলেই তাকে নিয়ে শুরু করেন কটাক্ষ, সমালোচনা। মাঝে মাঝে মাত্রা ছাড়ায় তা। এবার এর জবাব দিলেন অভিনেত্রী রুনা খান।
সামাজিক মাধ্যমে বার্তাটি দিয়েছেন রুনা। নিজের ফেসবুকে দুটি ছবির কোলাজ প্রকাশ করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে লিখেছেন, প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা ২০১৩ তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপ এর সমুদ্রতীরে তোলা ২০২২ সালে। আমার বয়স তখন ৩৯,ওজন ৬৫ কেজি।
এরপর লেখেন, বেঁচে থাকলে হয়তো ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরব। কারণ আমি বিশ্বাস করি, কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ। বয়স ২০ না ৮০ সেটা যেমন কোনো ব্যাপার না, ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে, এটা আমার পছন্দ।
তিনি আরও লিখেছেন, আমি একজন পরিণত বয়সের মানুষ, আমি আমার জীবন অবশ্যই আমার পছন্দমতো যাপন করার অধিকার রাখি (শুধু পৃথিবীর কোনো প্রাণের ক্ষতি না করে)। দুই ছবিতে সময়, জায়গা, বয়স, ওজন, অনেক কিছুর পার্থক্য। তবে একটা বিষয় একই আছে। আমার পোশাক, বিশ্বাস আর হাসি।
রুনা খানের এই কথায় সমর্থন করেছেন নেটিজেনদের অনেকে। সহকর্মীরাও মন্তব্যের ঘরে জানিয়েছেন সহমত। একজন লিখেছেন, বিশ্বাস আর হাসিটা টিকে থাক, শতবর্ষী হোক।
আমার বার্তা/এমই
