
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা এবং বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ শোডাউন ও বিক্ষোভ মিছিলে তিনি নিজেও উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সহসভাপতি আলী আজম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক এসএম মহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
পরে মোটরবাইক শোডাউন ও বিক্ষোভ মিছিলটি মির্জাপুর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

