
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে জড়ো হয়েছিলেন হাজার হাজার রোহিঙ্গা। এদিন ওই আদালতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যার ঐতিহাসিক রায় দেওয়া হয়। রায়ে সন্তুষ্ট হয়ে রোহিঙ্গারা সেজদায় লুটিয়ে পড়েন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল থেকেই টেকনাফের লেদা, আলিখালী, ২৬-২৭ ক্যাম্পের বিভিন্ন স্থানে টেলিভিশন ও বড় পর্দায় আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার দেখানোর আয়োজন করেন সংশ্লিষ্টরা।
ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমার সামরিক জান্তার গণহত্যা মামলার রায় রোহিঙ্গাদের পক্ষে আসার সঙ্গে সঙ্গে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করা হলে নিজ দেশে ফিরে যেতেও আগ্রহী বলে জানিয়েছেন তারা।
টেকনাফে ক্যাম্প ২৬, ২৭, ২৮ হেড মাঝি (চেয়ারম্যান) নুর মোহাম্মদ বলেন, ‘আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়ছে; আমাদের জয় হয়েছে। এই রায়টি রোহিঙ্গাদের এবং এটি আমাদের অধিকার আদায়ের পথে এক ঐতিহাসিক বিজয়। যারা আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের ন্যায়বিচারের পক্ষে কাজ করছেন, সেসব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
টেকনাফ ক্যাম্প ২৬ রোহিঙ্গা নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সদস্য হাফেজ মোহাম্মদ তাহের বলেন, দীর্ঘদিন ধরে আজকের রায়ের জন্য অপেক্ষায় ছিলাম আমরা। রায় আমাদের পক্ষে এসেছে সিজদায় অবনত হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা এখন অনেকটাই আশাবাদী। নিজ দেশে ফিরে যাওয়ার পথ সুগম হবে বলে মনে করছি।
উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন শিবিরে নারী-পুরুষ, শিশু ও বয়স্ক রোহিঙ্গাদের একসঙ্গে বসে আদালতের রায় দেখতে দেখা গেছে। ওই সময় অনেককে আবেগাপ্লুত হয়ে চোখে অশ্রু গড়াতেও দেখা গেছে। তাদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি, আবার কেউ দুহাত তুলে মহান আল্লাহর দরবারে মোনাজাতেও অংশ নেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।
রোহিঙ্গাদের কাছে আইসিজের এ রায় কেবল একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত নয়; বরং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এবং দীর্ঘদিনের শরণার্থী জীবনের অবসানের স্বপ্নের সঙ্গেও জড়িয়ে আছে ঐতিহাসিক এই রায়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া মামলার রায় পাঠ শুরু করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলে উখিয়ার ক্যাম্পগুলোতে বড় পর্দায় তা দেখার জন্য রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
রোহিঙ্গাদের প্রত্যাশা, এই রায়ের মধ্যদিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক স্বীকৃতি ও জবাবদিহির পথ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়বে এবং তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ডা. মোহাম্মদ জুবায়ের জানান, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে তারা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও গণহত্যার স্বীকৃতি মিলেছে বলে তারা মনে করছেন। তবে তাদের মূল প্রত্যাশা নিজ দেশে ফিরে যাওয়া।
তিনি বলেন, ‘এখন আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই। সেখানে আমাদের জন্য নিরাপদে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে দিলে আমরা নিজ দায়িত্বে ফিরে যাব। আমাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ জানান, প্রায় এক দশক ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজে’র রায় নিয়ে তারা আশাবাদী। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলাটি করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত রায় দেওয়া হয়।
তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কেবল আদালতের রায়ের ওপর নির্ভর করছে না। রাখাইন রাজ্যে (আরাকান) নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত হলেই তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পথ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বৃহস্পতিবার দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে বলা হয়েছে, প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায়ে কোনো দেশকে এই প্রথম দায়ী করল বিশ্বের সর্বোচ্চ আদালত।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এই আদালতের রায়ের মধ্যদিয়ে সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত গুরুতর অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এই রায়কে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নজির হিসেবে দেখা হয়।
রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি বলেন, আদালত পুরোপুরি নিশ্চিত যে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে।
এদিকে ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর ওই সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

