
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মতিফুল বেগম রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- নিহতের ছেলে আশরাফ আলী (২০), একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের গলায় থাকা স্বর্ণের ধান তাবিজ ও কানের দুলের লোভে তাকে হত্যার পরিকল্পনা করেন মাদকাসক্ত ছেলে আশরাফ আলী। পরিকল্পনা অনুযায়ী সহযোগী আব্দুর রাহিমকে নিয়ে মায়ের গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তারা। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করা হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় নিহতের মাদকাসক্ত ছেলে ও তার এক সহযোগী ছাড়াও একজন স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

