
গাজীপুরের পূবাইল থানাধীন পূবাইল মৃধাবাড়ি এলাকায় যৌতুকের দাবিতে পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত স্বামী মো. ইমরান হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মো. ইমরান হোসেন সরকার (২৯) গাজীপুর মেট্রোপলিটন এলাকার পূবাইল থানাধীন পূবাইল মৃধাবাড়ী এলাকার বাসিন্দা।
মামলাত এজহার সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের ২৪ এপ্রিল ইসলামী শরিয়াহ মোতাবেক ৫ লাখ টাকা দেনমোহরে মো. ইমরান হোসেন সরকারের সাথে সুমাইয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার ৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং বর সাজানোর জন্য প্রায় ১ লাখ টাকার মালামাল প্রদান করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই গৃহবধূ সুমাইয়া খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন। কিন্তু এর মধ্যেই স্বামী ইমরান হোসেন নিজের বসতবাড়ি তৈরির জন্য কনের পিতার বাড়ি থেকে অতিরিক্ত ৫ লাখ টাকা যৌতুক দাবি করতে শুরু করেন। কনের পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গৃহবধূর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।
অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সব নির্যাতন সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছিলেন সুমাইয়া। কিন্তু গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে স্বামী পুনরায় যৌতুকের টাকার জন্য তাকে চাপ দেন। সুমাইয়া টাকা আনতে অস্বীকৃতি জানালে পূবাইল মৃধাবাড়ী এলাকায় স্বামীর নিজ বাসায় তাকে বেদম মারধর করা হয়। পরে তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাকে খালি হাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী গৃহবধূ তার পিতার বাসায় গিয়ে আশ্রয় নেন।
ঘটনার পর ভুক্তভোগী সুমাইয়া খাতুন বাদী হয়ে স্থানীয় পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
রোববার (১৫ নভেম্বর) সেই মামলার ভিত্তিতে অভিযুক্ত ইমরান হোসেন সরকারকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের জানান, “ভুক্তভোগী ওই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী প্রায়ই তাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে শুনেছি, ঠিক এমন অভিযোগের ভিত্তিতে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ ইমরান হোসেন সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

