মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে উপস্থিত হন আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা। জেলা প্রশাসনের বিবেচনা শেষে সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।
এর আগে সাবেক মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী।
এসময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। প্যারোলে মুক্তির আবেদনটি গৃহীত হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
