জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৪:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যশোরে জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় স্থানীয়রা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, যশোর শহরের নীলগঞ্জ এলাকার আল মাদরাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার (১৭ জুলাই) সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদরাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে মাদরাসা খুললে গোলাম রসুল তা বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ ওঠে। এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়। প্রতিবাদে বেলা ১১টার দিকে তারা একত্রিত হয়ে এমপির বাড়ির সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, মাদরাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাদের অভিযোগ, ওই মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে সব সময়ই গোলাম রসুল ও তার মেয়ে খারাপ আচরণ করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তার ওপর চড়াও হয়। এ সময় তাকে মারধরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিচারের দাবিতে সড়কে অবস্থান করেন।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তিনি বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা জানান, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদরাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময় এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করেছিলেন তার মেয়ে অনন্যা। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। এখন অহেতুকভাবে তাদের বাড়িতে হামলা করে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

ঘটনার পর সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ফেসবুক পেইজে ভিডিও বার্তায় জানিয়েছেন, এলাকার এই মাদরাসাটিতে আড়াইশ’-তিনশ’ শিক্ষার্থী থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এলাকার সড়কটিতে সবসময় ভিড় থাকে। বিষয়টি নিয়ে কথা বলায় আমার মেয়েকে মারপিট করা হয়েছে। এরপর এলাকায় উত্তেজনা ছাড়িয়ে আমার বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। আমি বলেছি, আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তারপরও তারা শোনেনি। তারপরও আমি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহবাস্থনের আহ্বান জানাই।


আমার বার্তা/এমই