নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৫:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ডাকাতরা স্বর্ণালংকার-নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূঁইয়া একই এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল মিলনের বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহানকে ফোনে বিষয়টি জানান। পরে ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।
খবর পেয়ে পাশের বাড়ি থেকে শাহজাহান ও তাদের চাচা সুরুজ ঘটনাস্থলে বাধা দিতে গেলে বাড়ির বাইরে অবস্থান নেওয়া ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শাহজাহান ঘটনাস্থলেই নিহত হন এবং সুরুজ গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী সোহেল মিয়া বলেন, ডাকাতদের খবর পেয়ে শাহজাহান ও সুরুজ ঘটনাস্থলে গেলে বাইরে থাকা ডাকাতরা তাদের কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ডাকাতদল লুটপাট শেষে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এমই
