শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সরকারি সিটি কলেজ, সরকারি এমএম কলেজ, আল হেরা ডিগ্রি কলেজ, ডা. আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষা বোর্ড কলেজ ও উপজেলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, ফাহিম হোসেন, ইমতিয়াজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা ‘বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ধোপরাকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বক্তারা বলেন, বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া অমানবিক। তাই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।
বক্তারা বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, অমানবিক এবং শিক্ষাবান্ধব নীতির পরিপন্থি।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঘটনার দায় শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার চেয়ে একটি পরীক্ষার সময়সূচিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করে দেশের সকল শিক্ষার্থীকে চরমভাবে অপমান ও তিরস্কার করা হয়েছে।
আমার বার্তা/এমই
