নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার সকালে পরিচালিত এ অভিযানে দু’টি ট্রাক থেকে পলিথিনগুলো উদ্ধার করা হয়।
বুধবার (৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।
অভিযানকালে ট্রাক দু’টির চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, পরিবেশ সংরক্ষণ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আমার বাতা/এমই
