নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আসন্ন ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন পরিষদের তিন নারী সদস্য।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইউএনওর কাছে দেওয়া ওই অভিযোগে বলা হয়, সরকার ঈদ উপলক্ষে দরিদ্র, অসহায়, দিনমজুর ও ভূমিহীন পরিবারের সহায়তার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু বীরগাঁও ইউনিয়নে এ কার্ড বাছাই ও বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা করা হয়নি বলে অভিযোগ করেন নারী সদস্যরা।

অভিযোগকারী সদস্যরা হলেন—রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম। তাদের দাবি, ভিজিএফ কার্ড বণ্টনের বিষয়ে তাদের কোনো ধরনের মতামত নেওয়া হয়নি। বরং চেয়ারম্যান নিজস্ব পছন্দ অনুযায়ী কিছু লোককে কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন। বিষয়টি নিয়ে তারা আগেও অসন্তোষ প্রকাশ করলেও কোনো সমাধান হয়নি বলে জানান।

তিন নারী সদস্য বলেন, দীর্ঘদিন ধরেই ভিজিএফ কার্ড বিতরণে তাদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে প্রকৃত দরিদ্রদের অনেকেই সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাধ্য হয়েই তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, শুরুতে প্রায় দুই হাজার ভিজিএফ কার্ড পাওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইউনিয়নের জন্য বরাদ্দ আসে মাত্র ২০৮টি কার্ড। সীমিত বরাদ্দের কারণে প্রতিটি ওয়ার্ডের সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। এ ছাড়া বিভিন্ন পক্ষের সুপারিশও বিবেচনা করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী রবিবার (১৫ মার্চ) চেয়ারম্যানকে তার কার্যালয়ে ডাকা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।