মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মুন্সীগঞ্জে-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।   

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রের অদূরের মাঠে পরপর ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভিতরে কোনো ধরনের সমস্যা হয়নি। 

প্রত্যক্ষদর্শী, স্থানীয় মো. কাউসার আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাকহাটি গ্রামের পারভেজ মাঝি, রহমত মাঝি,  আসাদ মাঝি, নাঈম মল্লিক এরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এরা ধানের শীষের কামরুজ্জামান রতনের লোক বলেও জানান তিনি।

নির্বাচনী দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের বলেন, আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনা শোনার পরে আমাদের টিম দ্রুত এখানে চলে আসে। আসার পরে আমরা পরিস্থিতি শান্ত করি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আমার বার্তা /জেএইচ