ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা।

কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ দানারুল ইসলাম। সভা পরিচালনা করেন একই শাখার সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমির। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশের জনগণ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, কৃষকদের অধিকার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক লক্ষ্য, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।