নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নবম জাতীয় পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং তা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে ঢাকার ধামরাইয়ে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিনব্যাপী এই কর্মসূচি পালন করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতিতে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। এ সময় তারা নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ের পক্ষে সংহতি প্রকাশ করেন।
আন্দোলনরত কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত এর গেজেট প্রকাশ হয়নি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত গেজেট প্রকাশ করে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করা এখন সময়ের দাবি।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এই কর্মসূচির আয়োজন করেছে ধামরাই উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা আন্দোলনের প্রতি তাদের ঐক্যবদ্ধ অবস্থানকে স্পষ্ট করে।
