​জোরারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ: এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

​চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২নং আসামি মোঃ ইমাম হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপজেলার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি ২০২৬  জামালপুর এলাকায় এক ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে শাহজাহানের ঘরের পাশে পুকুর পাড় সংলগ্ন একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ রোববার ১২:২৫ ঘটিকায় জামালপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি মোঃ ইমাম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদর আলী বলি বাড়ীর মো: গিয়াস উদ্দিনের ছেলে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, "ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তৎপর ছিল। আমরা এজাহারনামীয় একজনকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হবে।"
​গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।