
ওমান তার জাতীয় দিবস অত্যন্ত আড়ম্বরপূর্ণ এবং তাৎপর্যের সঙ্গে পালন করেছে।
গতকাল রবিবার ( ২২ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি আল বালুশি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু । এছাড়াও দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি আল বালুশি ‘ওমান-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এটি উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি যোগাযোগ জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা এবং যৌথ অর্থনৈতিক উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে।
ওমান বাংলাদেশের সঙ্গে একটি ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (CEPA) বা সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের সম্ভাবনা খতিয়ে দেখার ওপর জোর দিয়েছে; যা বাণিজ্যকে সহজতর করতে এবং বিশেষ করে ওষুধ শিল্প, খাদ্য ও কৃষি, বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের সুযোগ বাড়াতে সহায়তা করতে পারে। রাষ্ট্রদূত আরও যোগ করেন।
উভয় দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ওমানের উন্নয়নে প্রায় ৭ লাখ বাংলাদেশি নাগরিকের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি কমিউনিটিকে এই দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে মানবিক ও সাংস্কৃতিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে অভিহিত করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ওমান সালতানাতের রাষ্ট্রদূত জামিল বিন হাজি আল বালুশি এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ওমানের সমৃদ্ধ ইতিহাস, জাতীয় অর্জন এবং উন্নয়নের যাত্রার বিষয়ে গর্ব প্রকাশ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ওমানের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে উভয় বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করাই এর লক্ষ্য।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ওমানের জাতীয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। ১৭৪৪ সালের ২০ নভেম্বর ইমাম আহমেদ বিন সাইদ আল বুসাইদি ‘আল বুসাইদি’ রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিলেন; তিনি ওমানকে একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ করেন এবং জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের নীতি প্রতিষ্ঠা করেন।
তিনি উল্লেখ করেন যে, সুলতান হাইসাম বিন তারিকের দূরদর্শী নেতৃত্বে ওমান সালতানাত ‘ওমান ভিশন ২০৪০’-এর আলোকে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই ভিশনের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক বৈচিত্র্য আনয়ন, টেকসই উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করা।
রাষ্ট্রদূত ওমানের অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিকও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দেশটির ‘ইনভেস্টমেন্ট-গ্রেড’ ক্রেডিট রেটিং পুনরুদ্ধার এবং ২০২৫ সালের শেষ নাগাদ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পরিমাণ ৩১ বিলিয়ন ওমানি রিয়াল (OMR) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। এই অর্জনগুলো ওমানের অর্থনৈতিক কর্মক্ষমতার উন্নতি এবং দেশটির অর্থনীতির প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।
দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ওমান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বিদ্যমান সুযোগগুলোকে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তরের মাধ্যমে এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ওমানি জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক—ঐতিহ্যবাহী ওমানি ‘কুমা’ (টুপি) তৈরিতে এবং তাতে হাতে নকশার কাজে বাংলাদেশি নারী কারিগরদের অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, এই কারুশিল্প ওমানি ঐতিহ্য ও বাংলাদেশি দক্ষতার মধ্যে একটি অর্থবহ সেতুবন্ধন তৈরি করেছে, যা উভয় দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের প্রতিফলন। অনুষ্ঠানের প্রধান অতিথি উদযাপন হলে স্থাপিত ‘লাইভ ওমানি হালুয়া স্টেশন’ পরিদর্শন করেন, যেখানে দুজন পেশাদার হালুয়া প্রস্তুতকারক (হালওয়ানি) সরাসরি হালুয়া তৈরি করছিলেন এবং তা পরিবেশন করছিলেন। নিজের বক্তব্যের উপসংহারে, রাষ্ট্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সালতানাত অব ওমানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি অভিন্ন স্বার্থ রক্ষা এবং উভয় দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

