গুলশানে দুই দিনব্যাপী সুগন্ধিমেলা শুক্রবার শুরু
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

সুগন্ধিপ্রেমীদের জন্য ঢাকায় আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী সুগন্ধি প্রদর্শনী। আগামী শুক্র ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) গুলশান-১-এর এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ‘ফ্র্যাগরেন্স এক্সিবিশন বাংলাদেশ—সিজন ২’। এতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। মেলা উপলক্ষে নির্বাচিত পণ্যে ১৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজকেরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুগন্ধি সংগ্রাহক, সৌখিন ব্যবহারকারী ও বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধিতে আগ্রহীদের জন্য একই স্থানে নানা ধরনের সুগন্ধি দেখার, ঘ্রাণ নেওয়ার এবং কেনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
প্রদর্শনীতে অংশ নেবে জনপ্রিয় ব্র্যান্ড হারামাইন আতার অ্যান্ড পারফিউমস। এ ছাড়া সহ-আয়োজক বা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে খোলজী’স ট্রেজার, উইথ সুন্নাহ এবং এমএমসি লাক্সারি পারফিউম।
আয়োজকেরা জানান, মেলায় বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত পণ্যে বিশেষ ছাড়ের সুযোগও থাকবে। তবে ছাড়ের পরিমাণ পণ্য ও ব্র্যান্ডভেদে ভিন্ন হতে পারে।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ভেন্যু এলিট কনভেনশন হল, হাতিঝিল, গুলশান-১, ঢাকা-১২১২; পুলিশ প্লাজার কাছে।
আয়োজকদের প্রত্যাশা, সুগন্ধিপ্রেমী ও পারফিউম সংগ্রাহকদের অংশগ্রহণে এ আয়োজন সুগন্ধির বিভিন্ন ব্র্যান্ড ও ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের একটি মিলনমেলায় পরিণত হবে।
