গাবতলীতে মাছবাহী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৫:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর গাবতলীর দীপনগরে মাছের আড়তের পাশে মাছবাহী ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আহত ফারুকের চিকিৎসা চলমান রয়েছে।
নিহত ইমরানের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। ইমরানের বাবার নাম সারোয়ার মোল্লা। তারা দীপনগরের একটি রেফ্রিজারেটরের দোকানে কাজ করতেন।
ইমরানের মামাতো ভাই সবুজ বলেন, দীপনগর এলাকায় একটি রেফ্রিজারেটরের দোকানের সামনে মাছবাহী ফ্রিজিং গাড়ি মেরামত ও গ্যাস ভরার কাজ চলছিল। এ সময় হঠাৎ গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ইমরান ও ফারুক হোসেন আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ফারুক হোসেন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আমার বার্তা/এমই
