আবু সাঈদরা প্রতিদিন জন্ম নেন না, যুগে একজনই আসেন: প্রতিমন্ত্রী ফরহাদ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আবু সাঈদরা প্রতিদিন জন্মগ্রহণ করেন না, যুগে যুগে একজন করে জন্ম নেন। টিয়ারশেল-লাঠিচার্জ উপেক্ষা করে আবু সাঈদ সেদিন বুক চিতিয়ে বলেছিলেন, “বুক পেতেছি, গুলি কর।” তার সেই সাহসী অবস্থানই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছিল।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহিদ দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের রংপুর অঞ্চল অনেকভাবে বঞ্চিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, তিনি এবার আঞ্চলিক সমতার ভিত্তিতে উন্নয়ন করবেন।
তিনি বলেন, বর্তমান সরকার এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, সেই বাজেটের আলোকে রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামানের আমূল পরিবর্তন নিয়ে আসবে। আবু সাঈদ মামলার রায় হয়েছে এ রায় এখনো পূর্ণাঙ্গ কার্যকর হয় নাই। আজকে আবু সাঈদের এ দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে দাঁড়িয়ে আমরা বলতে চাই।
তিনি সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবু সাঈদের খুনের সঙ্গে জড়িতের শাস্তি অচিরে বাস্তবায়ন করতে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করব।
তিনি আরও বলেন, ‘বিগত দিনের ফ্যাসিস্টরা বিভিন্ন রূপে ও বিভিন্ন মোড়কে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্য প্রয়োজন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আবু সাঈদের রক্ত এবং ২৪-এর শহিদদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না।’
আমার বার্তা/এমই
