জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৬:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে রাসেল মাহমুদ (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রিজন (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ পদে সৈকত ইসলাম (এশিয়া পোস্ট) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে আতাউর রহমান (নয়া দিগন্ত)।
এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন রাকিব হোসেন প্রান্ত (জাগো নিউজ), ফারুক হোসাইন (ডেইলি সান) ও মেহেদি হাসান (দৈনিক শিক্ষা)।
ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নতুন কার্যকরী পরিষদের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্য-নিষ্ঠার সাথে সাংবাদিকতা এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়কে জাতির কাছে তুলে ধরে সামনের দিনে সবাই একসাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী ও পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন।
আমার বার্তা/এমই
